‘ডিজিটালি হবে যবিপ্রবির সকল কার্যক্রম’
আগামী তিন বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটাইজড করার রোডম্যাপ ঘোষণা করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)।
রবিবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে দ্বিতীয় মেয়াদে যবিপ্রবির ভিসির দায়িত্ব গ্রহণ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষও ডিজিটাইজড করা হবে। আগামীতে আমরা অনলাইন এবং সশরীরে দুই ধরনের ক্লাস একই সাথে চালু রাখব। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছয়টি ডিজিটাল ক্লাসরুম রয়েছে। এই অর্থ বছরে আরও ২৬টি ডিজিটাল ক্লাসরুম সংযোজন করা হবে; যেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীরা ক্লাসের সাথে সংযুক্ত থাকতে পারে।
তার আগামী চার বছরের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় অ্যাকাডেমিক কারিকুলাম প্রণয়ন, অত্যাধুনিক ল্যাব স্থাপন, স্টার্টআপ কোম্পানি স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন ও প্যাটেন্ট রাইট-এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার পরিবেশ সৃষ্টি করা হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মজিদ, রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান, প্রফেসর ড. মোঃ ইকবাল কবীর জাহিদ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।